সীতার চরিত্রে ১২ কোটি চেয়ে ট্রোলড করিনা, ৩২ কোটি নিয়ে বাজিমাত কঙ্গনার
অলৌকিক দেশাইয়ের ‘সীতা, দ্য ইনকারনেশন’ (Sita- The Incarnation) ছবিতে সীতা হবেন কে? এই নিয়ে কার্যত নেটপাড়া উত্তাল। কখনও এই বিশেষ চরিত্রের জন্য উঠে আসছে করিনা কাপুর খানের নাম (Kareena Kapoor Khan)। কখনও আবার সীতার চরিত্রে কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) নাম নিয়ে চর্চা হচ্ছে। যদিও নেটিজেনরা অবশ্য সীতা হিসেবে করিনার চেয়ে কঙ্গনাকেই এগিয়ে রাখছেন।
এই ছবিতে কাজ করার জন্য ১২ কোটি টাকা চেয়েছিলেন করিনা। এতেই কার্যত আপত্তি নেটিজেনদের। করিনা কেন হিন্দুদের আরাধ্য দেবী সীতার চরিত্রে অভিনয়ের জন্য এত বেশি পরিমাণ পারিশ্রমিক দাবি করলেন? এই প্রশ্ন তুলে ‘বয়কট করিনা’র ট্রেন্ড তোলা হয় নেট মাধ্যমে। এদিকে আবার নবাবের বংশধর সইফ আলি খান (Saif ali khan) এর বেগমকে দেবী সীতার চরিত্রে দেখতে মোটেও রাজি ছিলেন না দর্শকরা।
এরপর নেটিজেনরাই সীতার চরিত্রে কঙ্গনার নাম প্রস্তাব করেন। নেটিজেনদের সেই দাবি অবশ্য ফিরিয়ে দেয়নি বলিউড। সম্প্রতি কঙ্গনা রানাওয়াত নিজেই জানিয়েছেন, সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন, “শিল্পীদের এই অসাধারণ প্রতিভাবান দলের সঙ্গে শিরোনামের ভূমিকায় থাকতে পেরে আনন্দিত। সীতা রামের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চলেছি, জয় শ্রী রাম”।
এর পরেই জানা যায় এক চাঞ্চল্যকর তথ্য। এই চরিত্রে অভিনয় করার জন্য কঙ্গনা নাকি করিনার থেকেও তিনগুণ বেশি পারিশ্রমিক দাবি করছেন! ৩২ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন কঙ্গনা। যা করিনার দাবির তুলনায় প্রায় তিনগুণ বেশি। এর থেকে স্বভাবতই এই প্রশ্ন ওঠে যে, তবে কি শুধুই নবাবপত্নী হওয়ার কারণেই ছবি থেকে বাদ পড়লেন করিনা?
এই বিষয়টিকে নিয়ে কঙ্গনাকে বিঁধেছেন কমল আর খান (Kamal r khan)। কমল আর খান বলেন, “সূত্রের খবর সীতা ছবির জন্য ৩২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কঙ্গনা। আর এই ছবির হাত ধরেই বলিউডের হায়েস্ট পেইড নায়িকা হলেন তিনি। কিন্তু কেন প্রযোজক এই ভুল করলেন? আমার আগামী রিভিউয়ে আমি এই বিষয়ে সমস্ত তথ্য দেব।”