রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনা আক্রান্ত ৯ হাজার ৭৩ জন। যা গত কয়েকদিনের নিরিখে রেকর্ড। তার মধ্যে কলকাতায় সংক্রমিত ৪ হাজার ৭৫৯ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত ১ হাজার ৩৯১ জন। তবে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের মাঝে বিপরীত ছবি কালিম্পংয়ে। সেখানে দৈনিক আক্রান্ত মাত্র ২ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ৬৪ হাজার ৩০১ জন। সংক্রমণের পাশাপাশি মৃতের সংখ্যাও বেড়েছে বেশ খানিকটা। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের প্রাণ কেড়েছে ভাইরাস। তার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৮১০ জন।
ক্রমশ বাড়ছে টেস্টিং। মঙ্গলবার মোট ৪৭ হাজার ৮৬৪ জনের কোভিড টেস্ট হয়েছে। এথনও পর্যন্ত ২ কোটি ১৫ লক্ষ ৪৬ হাজার ৯৪১ জনের কোভিড টেস্ট হয়েছে। পজিটিভিটি রেট ১৮.৯৬ শতাংশ। মঙ্গলবারের তুলনায় যদিও পজিটিভিটি রেট কমেছে কিছুটা। কারণ, গতকাল সংখ্যাটা ছিল ১৯.৫৯ শতাংশ। কোভিড টিকার দু’টি ডোজ নেওয়ার পরেও ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকেই। তা সত্ত্বেও টিকাকরণ কর্মসূচিতেই আরও জোর দিতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার কোভিড টিকা নিয়েছেন ৮ লক্ষ ৪৯ হাজার ৭৮১ জন। প্রথম ডোজ নিয়ে ২ লক্ষ ৪০৭ জন। এবং বাকি ৬ লক্ষ ৪৯ হাজার ৩৭৪ জন নিয়েছেন টিকার দ্বিতীয় ডোজ।