Type Here to Get Search Results !

মৃত্যুর আগে সিদ্ধার্থ শুক্লার শেষ পোস্ট, কী লেখা তাতে

মৃত্যুর আগে সিদ্ধার্থ এর শেষ পোস্ট, কী লেখা তাতে

২রা সেপ্টেম্বর, দিনটি বলিউডের (Bollywood) ইতিহাসে আজীবন এক কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বলিউডের নামী টেলিভিশন (Telivision) তারকা সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) আকস্মিক মৃত্যু হয়েছে এইদিনেই। মাত্র ৪০ বছর বয়সেই তার হৃদপিন্ডের গতি থমকে গেল। এই খবর কিছুতেই মেনে নিতে পারছেন না তার অনুরাগীরা এবং আপনজনেরা। রাতে ঘুমের মধ্যেই ঘুমের দেশে পাড়ি দিলেন সিদ্ধার্থ। তারকার অকাল মৃত্যুতে শোকগ্রস্ত সম্পূর্ণ বলিউড।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে সিদ্ধার্থের ইনস্টাগ্রামের শেষ পোস্ট। সিদ্ধার্থের সেই পোস্টের সঙ্গে তার আকস্মিক মৃত্যুর অনভিপ্রেত ঘটনার সংযোগ স্থাপন করছেন নেটিজেনরা। গত ২৪শে আগস্ট ইনস্টাগ্রামে নিজের হাতে ধরে একটি পোস্টারের ছবি পোস্ট করেছিলেন সিদ্ধার্থ। সবুজ রঙের হার্টবিট আঁকা ছিল তাতে। ছবিটি আসলে নতুন ওয়েব সিরিজ ‘মুম্বাই ডায়েরিজ’ এর উদ্দেশ্যে পোস্ট করেছিলেন সিদ্ধার্থ।

Bigg Boss 13 winner Sidharth Shukla passes away

২৫শে আগস্ট ‘মুম্বাই ডায়েরিজ’ এর ট্রেলার মুক্তি পেয়েছে। ২৬/১১ মুম্বাই হামলার সময় মুম্বইয়ের ডাক্তার, সাংবাদিক এবং পুলিশরা যেমনভাবে মুম্বইবাসীর রক্ষার্থে এগিয়ে এসেছিলেন, করোনাকালেও ঠিক একইভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন তারা। সেই নিয়েই বানানো হয়েছে এই ওয়েব সিরিজ, যার ঝলক প্রকাশিত হয়েছে ট্রেলারে। সেই যোদ্ধাদের সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে নিজের সামাজিক পাতায় এই হার্টবিটের পোস্ট করেছিলেন সিদ্ধার্থ।

অথচ তার ঠিক কয়েকদিনের মাথাতেই তার নিজের হার্টবিট আচমকা বন্ধ হয়ে গেল! ১লা সেপ্টেম্বরের রাতে শারীরিক অসুস্থতার দরুণ কিছু ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। তবে তার সেই ঘুম আর ভাঙ্গেনি। সকালে যখন তাকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। ইসিজি রিপোর্টে সিদ্ধার্থের হৃদস্পন্দনের রেখাচিত্র ফুটে ওঠেনি। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসকদের অনুমান, সম্ভবত রাতেই সিদ্ধার্থের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। টেলিভিশন জগতের এমন এক নামী অভিনেতা তথা সঞ্চালকের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেনা বলিউড। তার প্রেমিকা শেহনাজ এবং তার পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত। সিদ্ধার্থের প্রেমিকা শেহনাজ গিলের কাছে যখন তার মৃত্যুসংবাদ এসে পৌঁছায়, তখন তিনি শুটিং সেটে ছিলেন। খবর পেয়ে শুটিং ক্যানসেল করেন তিনি।

অক্ষয় কুমার, অজয় দেবগন, সালমান খান, ভিকি কৌশল, রিতেশ দেশমুখসহ বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিরা তার মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। বিকাশ গুপ্তা, আসিম রিয়াজরা সিদ্ধার্থের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রিয় তারকার মৃত্যুতে সামাজিক মাধ্যমেও শোকের আবহ তৈরি হয়েছে। তারই মাঝে সিদ্ধার্থের পোস্ট ঘিরে নতুন জল্পনার সূত্রপাত হয়েছে নেট মাধ্যমে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.