Type Here to Get Search Results !

নতুন দেশে পা দিয়ে বিমানবন্দরেই নাচ আফগান বালিকার, গোটা বিশ্বের মন জিতেছে এই ছবি

নতুন দেশে পা দিয়ে বিমানবন্দরেই নাচ আফগান বালিকার, গোটা বিশ্বের মন জিতেছে এই ছবি


অধিকাংশেরই আশা, বেলজিয়ামে হয়তো একটা ভাল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে ওই আফগান শিশুটির জন্য 


বাবা মায়ের হাত ধরে বিমানবন্দরের দিকে ছুটছে কেউ৷ চারপাশের পরিবেশ দেখে ওরাও বুঝতে পারছিল, খুব খারাপ কিছু একটা ঘটছে৷ গত কয়েকদিনে ঘর, বাড়ি, প্রিয়জনকে ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ানো অগুনতি আফগান শিশুদের মুখ দেখে মন খারাপ হয়ে গিয়েছে গোটা বিশ্বের৷ তার মধ্যেই বেলজিয়াম থেকে উঠে এল ব্যতিক্রমী একটি ছবি৷ যে ছবিতে দেখা যাচ্ছে, নিরাপদ আশ্রয়ে পৌঁছে প্রাণখোলা হাসি নিয়ে বিমানবন্দরের টারম্যাকেই মনের আনন্দে লাফাচ্ছে এক আফগান বালিকা৷ যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে বাবা-মায়ের সঙ্গে পালিয়ে ওই আফগান বালিকার উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল৷

আফগানিস্তান থেকে সব দেশই নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে৷ মানবিকতার খাতিরে এর মধ্যে অনেক দেশই আফগানদেরও আশ্রয় দিচ্ছে৷ সেরকমই একটি আফগান পরিবার দেশ ছেড়ে বেলজিয়ামে পৌঁছেয়৷ ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে সম্ভবত নিজের বাবা-মায়ের সঙ্গেই ওই আফগান বালিকা বেলজিয়ামের মেলসব্রোয়েক সামরিক বিমানবন্দরে পৌঁছেছে৷ নিরাপদ আশ্রয়ে পৌঁছনোর আনন্দেই বোধহয় বিমান থেকে নেমে হেঁটে যাওয়ার সময়ই লাফাতে শুরু করে সে৷ রয়টার্সের চিত্রগ্রাহক জোহানা জেরন এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন৷ তার পর দ্রুত সেই ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে৷ এমন কি, বেলজিয়ামের প্রধানমন্ত্রী গাই ভেরোফস্ট্যাডট নিজেও ওই ছবিটি ট্যুইটারে শেয়ার করে লেখেন, 'শরণার্থীদের আশ্রয় দিতে পারলে এটাই হয়...ছোট্ট মেয়েটিকে বেলজিয়ামে স্বাগত৷' কেউ কেউ আবার বলছেন, এটাই বছরের শ্রেষ্ট ছবি৷



ছোট্ট আফগান মেয়েটির এই ছবি ইন্টারনেটে বহু মানুষ শেয়ার করেছেন৷ তাঁদের অধিকাংশেরই আশা, বেলজিয়ামে হয়তো একটা ভাল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে ওই আফগান শিশুটির জন্য৷



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.