Type Here to Get Search Results !

কোন প্রশ্নের উত্তর দিয়ে ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতলেন চণ্ডীগড়ের হরনাজ

কোন প্রশ্নের উত্তর দিয়ে ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতলেন চণ্ডীগড়ের হরনাজ



২১ বছর পরে ভুবনসুন্দরী (মিস ইউনিভার্স)-র খেতাব জিতেছেন পঞ্জাবের হরনাজ সান্ধু। সুস্মিতা সেন, লারা দত্তের পর এ বার এই খেতাব চণ্ডীগড়ের ক্যান্ডি-র ঝুলি়তে। আজ্ঞে হ্যাঁ। ‘ক্যান্ডি’। এই নামেই হরনাজকে ডাকেন তাঁর প্রিয়জনেরা। জানেন কি, ঠিক কোন প্রশ্নের উত্তরে অন্য সকলকে ছাপিয়ে গেলেন তিনি?

প্রতিযোগিতায় প্রশ্ন রাখা হয়েছিল— সাম্প্রতিক কালে নারীরা যে ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, সেগুলি কাটিয়ে উঠতে হরনাজ তাঁদের কী পরামর্শ দেবেন?

হরনাজের মতে, ইদানীং নারীরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন। নতুন ‘মিস ইউনিভার্স’-এর চোখে আপাতত এটিই তাঁদের সবচেয়ে বড় সমস্যা। তিনি বলেন, “বর্তমান সময়ের যুবক-যুবতীরা নিজেদের উপর বিশ্বাস রাখতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।  আপনি সকলের চেয়ে আলাদা— এই বিশ্বাসই আপনাকে সুন্দর করে তোলে। অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। পৃথিবীতে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। সেগুলি নিয়ে আলোচনা করতে হবে।” 

নারীদের উদ্দেশে তিনি বলেন, “সামনে আসুন, নিজের কথা বলুন, আপনার জীবনের নেতৃত্বে আপনিই। আপনার অভিমতও আপনারই।  আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। তাই আমি এখানে দাঁড়িয়ে।”

হরনাজের সঙ্গেই মিস প্যারাগুয়ে এবং মিস সাউথ আফ্রিকাকেও এই একই প্রশ্ন করা হয়েছিল। নিজের বুদ্ধিমত্তায় বাকি দু’জনকে টেক্কা দিলেন ভারতের সুন্দরী।

রবিবার রাতে ইজরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্স-এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.