আফগানিস্তানের নতুন প্রধানমন্ত্রী পদে এক কুখ্যাত জঙ্গি! কে এই মোল্লা আখুন্দ?

তবে তালিবান সুপ্রিমো হায়বাতোল্লা আখুন্দজাদা ঘনিষ্ঠ মহম্মদ হাসান আখুন্দের প্রধানমন্ত্রী হওয়ায় ওয়াকিবহাল মহল অন্তত অবাক হচ্ছে না। জানা যাচ্ছে, আখুন্দজাদা স্বয়ং তার অনুগামীর নাম প্রস্তাব করেছে। এদিকে তার পাকিস্তানের সঙ্গে ওঠাবসাও একটা ফ্যাক্টর বলে মনে করা হচ্ছে।
গত শনিবার পাক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান ফয়েজ হামিদ আফগানিস্তানে আসেন। তিনি দেখা করেন আফগানিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ারের সঙ্গে। সেই সঙ্গে মোল্লা বরাদরের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়। তালিবান সরকার গড়ার পিছনে বিশেষ প্রভাব রয়েছে গুলবুদ্দিনের। এদিকে মোল্লা বরাদর হয়েছে উপ প্রধানমন্ত্রী। এই দুই প্রভাবশালীর সঙ্গে আইএসআই প্রধানের বৈঠকের পরই আখুন্দকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ায় তালিবান সরকার গঠনে পাকিস্তানের ভূমিকাকেও অবহেলা করা যাবে না।
কান্দাহারে জন্ম নেওয়া আখুন্দ এর আগে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালিবান সরকারের বিদেশমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছে। এই সব অভিজ্ঞতাও তার নাম প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হওয়ার সময় নিশ্চয়ই কাজ করেছে বলেই মনে করা হচ্ছে।