সব জল্পনার অবসান। আইপিএল-এর (IPL) দ্বিতীয় পর্বে ঋষভ পন্থের (Rishabh Pant) হাতেই দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) দায়িত্ব থাকছে। বৃহস্পতিবার সেটা জানিয়ে দিল টিম ম্যানেজমেন্ট। আগামী ২২ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচে মাঠে নামবে দিল্লি। সেই ম্যাচ থেকেই ফের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন এই তরুণ উইকেটকিপার।
শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কাঁধের চোট সরিয়ে দলে ফেরার পর থেকেই দিল্লির সিংহাসন নিয়ে জোর গুঞ্জন চলছিল। তবে শেষ পর্যন্ত পন্থের উপরেই আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট।
পন্থের হাতে ফের একবার দায়িত্ব তুলে দিয়ে শিবির যে স্বস্তিতে রয়েছে সেটা দলের কর্ণধার পার্থ জিন্দলের টুইটে পরিষ্কার। পার্থ জিন্দল লিখেছেন, 'দ্বিতীয় মরসুমের আগে আমরা সবাই উৎসাহিত। শ্রেয়স আইয়ার সুস্থ হয়ে দলে ফেরার জন্য ভাল লাগছে। আশাকরি প্রথম পর্বের মতো এবারও পন্থ দলকে এগিয়ে নিয়ে যাবে।'