আমার জামা-জুতো বইতো সলমান খান, আমিই সুযোগ দিয়েছি সিনেমায় : জ্যাকি শ্রফ
সালমান খান (Salman Khan), এই নামে কার্যত কাঁপে বলিউড (Bollywood)। পরিচালক থেকে শুরু করে প্রযোজক, অভিনেতা বা অভিনেত্রী সকলেই সমঝে চলেন ভাইজানকে। তার অঙ্গুলিহেলনে যেকোনও মুহূর্তে বলিউড থেকে ছিটকে যেতে হতে পারে যে! তাই ভাইজানকে বিশেষ চটানোর সাহস নেই কারোর। ব্যতিক্রম, জ্যাকি শ্রফ (Jackie Shroff)।সালমানের অত্যন্ত কাছের মানুষ তিনি। জ্যাকির কারণেই বলিউডে প্রথম পা রাখতে পেরেছিলেন সালমান।
সালমান খান প্রথমেই বলিউডে নায়ক হওয়ার সুযোগ পাননি। পরিচালক প্রযোজকরা সেইসময় সালমানকে এড়িয়েই চলতেন। শুরুর দিনগুলোতে অন্যান্যদের মত মডেলিং করার পাশাপাশি সহ-পরিচালকের কাজ করতেন সালমান। এমনটা করতে করতেই জ্যাকি শ্রফের সঙ্গে গড়ে ওঠে তার সখ্যতা। যার ফলশ্রুতিতে জ্যাকির সুপারিশে সালমান প্রথমবার বলিউডে ব্রেক পান।
জ্যাকি শ্রফের ‘ফলক’ ছবির শুটিংয়ের সময় সালমান ছিলেন সহ-পরিচালক। সেই স্মৃতিচারণা করতে গিয়ে জ্যাকি শ্রফ একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি ওকে তখন থেকে চিনি যখন ও একজন একজন মডেল আর সহ পরিচালক ছিল। ফলক ছবির শুটিংয়ের সময় আমার পোশাক আর জুতো সামলানোর দায়িত্ব ছিল ওর ওপর। ছোট ভাইয়ের মতোই আমার দেখভাল করত ও।”
জ্যাকি আরও জানিয়েছেন, সেই সময় সালমানের জন্য বলিউডে কাজ খুঁজেছেন তিনি। যে প্রযোজকরা তার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করতেন, জ্যাকি তাদের সালমানের ছবি দেখাতেন। আর এমনটা করতে করতেই কে সি বোকাডিয়ার নজরে পড়ে যান সালমান। জ্যাকি বলেন, “ম্যায়নে পেয়ার কিয়া সলমনকে জনপ্রিয়তা এনে দিয়েছিল ঠিকই। কিন্তু আমি মানি আমার জন্যই বলিউডে সুযোগ পেয়েছিল সলমন।”
সালমান এবং জ্যাকির বন্ধুত্ব আজও অটুট রয়েছে। শোনা যায়, বলিউডে নাকি কেউ কারও বন্ধু নন। সকলেই একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু সেই ধারণাকে মিথ্যে প্রমাণ করে দিয়েছেন জ্যাকি শ্রফ। সালমান খানের সঙ্গে তার সম্পর্ক সালমানকে সমৃদ্ধ করেছে। আজ বলিউডের অন্যতম মাথা হয়ে দাঁড়িয়েছেন সালমান। সকলে তাকে যতই রাগী বা বদমেজাজি বলে জানুন না কেন, জ্যাকির কাছে সালমান আজও তার ছোট ভাইয়ের মতো।
ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির পর সালমানকে আর ঘুরে তাকাতে হয়নি। বলিউডে আজ তার একচেটিয়া আধিপত্য। বলতে গেলে বলিউড এবং তারকাদের ভাগ্য বিধাতা তিনিই! অপরদিকে জ্যাকি শ্রফ একটু একটু করে নিজেকে বলিউড থেকে গুটিয়ে নিয়েছেন। বর্তমানে তাকে ছবিতে অভিনয় করতে দেখা যায় না। তবে শেষবার সালমানের ‘রাধে’ ছবিতে অভিনয় করেছিলেন জ্যাকি। প্রিয় বন্ধুর অনুরোধ ফেলতে পারেননি তিনি।